একখানি ইট যদি পাওয়া যেত
নোংরা মুখটা করতাম থেঁত
ভাবতে ভাবতে গেল একজন
ক্ষত বিক্ষত ছেলেটার কাছে
যেন দু’জনের শত্রুতা আছে।
তলপেটে লাথি কয়েক ডজন
কষানোর পর আরও একজন
হাঁপাতে লাগলো দাঁড়িয়ে দাঁড়িয়ে
ক্ষত বিক্ষত ছেলেটার কাছে
যেন দু’জনের শত্রুতা আছে।
চ্যালা কাঠ দিয়ে ফাটান মাথা
দেখতে দেখতে সার্টের হাতা
গুটালেন যিনি তিনিও মানুষ
ক্ষত বিক্ষত ছেলেটার মুখে
থুথু ফেললেন একটু ঝুকে।
নাক মুখ দিয়ে গরান রক্ত
দেখতে দেখতে শক্ত পক্ত
একজন দেন টীকাটিপ্পনী
ক্ষত বিক্ষত ছেলেটার কানে
ঢুকল কতটা ভগবান জানে।
সিগারেট দুই ঊরুতে ছেকা
দগদগে পোড়া চামড়া দেখা
উৎসুক মাছি বসেছে তাতে
ক্ষত বিক্ষত ছেলেটার পেটে
কেজেন দিয়েছে মাংস কেটে।
ডটপেন দিয়ে খোঁচানো চোখে
শহরের হাওয়া গন্ধ শোঁকে
গণ পিটুনির আজব গন্ধ
ক্ষত বিক্ষত ছেলেটার গালে
পথচারী তার দিয়ারশালাই জ্বালে।
প্যাঁচ দিয়ে দিয়ে ভাঙা দুই হাত
ওপড়ানো নখ ওপড়ানো দাঁত
উদাসীন ভাবে দেখছে লোকে
ক্ষত বিক্ষত ছেলেটার লাশ
দেখছে জনতা বলছে সাবাস।
মাঝে মধ্যেই এখানে ওখানে
পিটিয়ে মারার ব্যস্ত শ্মশানে পুড়ছে কে?
প্রশ্ন অনেক উত্তর নেই
এই অসহ্য সময়টাকেই কাঁদতে দে।।





























