
রাস্তা আটকে দেব থেমে যাবে সব
লোকসংখ্যারা হবে বিশ্রী সরব
প্রাইভেট মিনি আর স্টেট বাস থেকে
টিটকিরি দেবে লোকে আমাদের দেখে।
সানগ্লাস পরা এক খাকি অফিসার
বেতারে জানাবে যেটা আছে জানাবার
স্কুটারে ব্যস্ত এক মিডিয়ার ছেলে
ভাববে এমন শট একবারই মেলে।
ভিখিরির ট্যাক থেকে পরে যাবে টাকা
পথ আটকানো প্রেমে মাধুকরী রাখা
ভিক্ষে কিসের বলো দাবিতেই জোর
দুজনে আটকে দেবো রাস্তার মোড়।
আমাদের আশ্লেষে আইন কামাল
ঠোঁটের ভেতরে ঠোঁট ভিজে বেসামাল
জিভের ভেতরে জিভ বোজা চোখে চোখ
আমাদের প্রেম ছুলো তার সপ্তক।
সাপাট তানের মতো আদরে আদরে
ট্র্যাফিক আইন ভেঙে দেবো প্রেম করে
প্রতি চুম্বনে আমি হবো রিজওয়ান
তুমিই প্রিয়াঙ্কা খুন হওয়া গান।
খুন হয়ে গেল গান আরো একবার
জানিয়ে দিলাম যেটা ছিলো জানাবার
আমার সময় আর আমার শহরে
কারা চুমু খাবে পথ অবরোধ করে।





























