Search
Close this search box.

একটা থালায়

একটা থালায় চারটে রুটি একটু আচার একটু ডাল,
একই থালায় দুজন খাবে, যুদ্ধ হয়ত আসছে কাল।

একটা মাঠে দু’জন সেপাই দেশ বিভাগের সীমান্তে,
দু’জন আছে দুই দিকে আর বন্ধু তারা অজান্তে।

তারা এদেশ ভাগ করেনি দেয়নি কোথাও খড়ির দাগ,
নেতারা সব ঝগড়া করেন জলে কুমির ডেঙায় বাঘ।

ঝগড়া থাকে আড়াল করে লাভের মাটি লাভের গুড়,
সীমান্তে দুই দেশের সেপাই দেশপ্রেমের দিনমজুর।

দুই কাঁধে দুই বন্দুক আর বুলেট বেশি খাবার কম,
রাজধানীতে হিসেব কষে এদের নেতা ওদের যম।

যমের বাড়ি কাছেই আছে অনেক দূরে নিজের ঘর,
দেশপ্রেমের নজির হল এই চিতা আর ঐ কবর।

খিদের কিন্তু সীমান্ত নেই নেই চিতা নেই কবরটাও,
যুদ্ধটাকে চিতায় তোল যুদ্ধটাকেই কবর দাও।

শেয়ার করুন:

প্রথম মা

একই জল একই পানি সাগরে সাগরে নাচে প্রথম মায়ের প্রসব বেদনা পৃথিবীর মনে আছে… কেউ সাদা কেউ কালো রঙ্গিন বলেই

আরও পড়ুন / শুনুন >