দিঘার সাগর বেলা ছেড়ে ঝাউবন
শুরু হয়ে ছিল পথ চলা কোন কালে
পিন্টু ভট্টাচার্যর গাওয়া গানে
কথাটাও শুরু ভুলে গেছি কোন সালে।।
দু’জনেই ছিল হটাৎ পালিয়ে আসা
কলকাতা ছেড়ে একটি রাতের জন্য
যুবক যুবতী সম্বল ভালোবাসা
দিঘা সৈকত কামনার ঝড়ে বন্য।।
খাওয়া-দাওয়া সব চুলোয় গিয়েছে যাক
কামনা জোয়ারে সমুদ্র আনচান
চুমুর মতই দুই ঠোঁটে লেগে থাক
পিন্টু ভট্টাচার্যর গাওয়া গান।।
তুমিও কি শোন সেই স্মৃতিময় সুর
ঝাউবনে ছায়াপথ চলা দু’টি মন
ঢেউ তুলে তুলে দিঘার সমুদ্দুর
একটু দুরেই করে যায় গুঞ্জন।।





























