তোমাকে আমাকে মনে রাখবে কি ওরা
তোমার আমার স্পর্শের গানগুলো,
কখনো পাহাড় ফাটানো পাগলা ঘোড়া
কখনো চলার পথের শুকনো ধুলো।
মাঝ বয়েসেও ছেলেমানুষীর দাবি
হঠাৎ খেয়ালে এই হাসি, এই রাগ
সন্ধান করা কস্তুরী মৃগনাভী
বুকের ভিতরে রাখা আদরের দাগ।
এমনি বুকের এক কোণে শুন্যতা,
যৌবন আর ফিরবে না এ জীবনে।
পথের সঙ্গী একার অপূর্ণতা,
নিঃসঙ্গতা জনতার নির্জনে।
উদ্ভট এই সময়ের যন্ত্রণা
রাস্তা হারানো ছেলেমেয়েদের দল
তাকে দিয়ে যাবো বাঁচার সুমন্ত্রণা
রাজনীতি তার রাজত্বে অবিচল।
টেলিভিশনের চ্যানেলে চ্যানেলে দেখা
নতুন শখের মগজবিহীন নাচ।
ইদানীং যেন আরও হয়ে গেছি একা
তবু চেতনায় বিদ্রোহ চলে আজ।
তুমি আমি এক ধরণের বিদ্রোহ
নোয়াইনি মাথা, বিকোইনি এই মন
অন্তরে নেই মুনফা করার মোহ
বন্ধু এখনো রয়েছে কয়েকজন।
তোমাকে আমাকে মনে রাখবে কি ওরা…





























