Search
Close this search box.

লালমোহনের লাশ

lalmohon

কোথায় গণ কোথায় তন্ত্র
বোকার স্বর্গে বাস
অন্য শিক্ষা দিচ্ছে আমায়
লালমোহনের লাশ, লালমোহনের লাশ।

আইন পাবে খুন করাতে
আইনই হয় খুনি
মন্ত্রী পাঠান বরকন্দাজ
গুলির আওয়াজ শুনি
সেই আওয়াজে কাঁদছে বাতাস
কাঁদছে বাবুই ঘাস
লালগড়ে লাল পলাশ দেখছে
লালমোহনের লাশ, লালমোহনের লাশ।

ক’টা বুলেট খরচ হল
ক’বার টানলে ঘোড়া
আদিবাসীর কান্না এখন
গুমরোয় এদেশ জোড়া
গুমরে কাঁদে স্বদেশ আমার
গোঙায় দীর্ঘশ্বাস
বিশ্বাসে আজ সামিল হচ্ছে
লালমোহনের লাশ, লালমোহনের লাশ।

কেমন আছিস বল সমকাল
কেমন দিনে রাতে
লালগড়ে আর বান্তেয়ারায়
নেই কি পাঁচে সাতে
কোন মতবাদ আঁকরে এখন
মুখ লুকোতে চাস
তোরই মুখে দেখতে পাচ্ছি
লালমোহনের লাশ, লালমোহনের লাশ।

কোথায় গণ কোথায় তন্ত্র
বোকার স্বর্গে বাস
অন্য শিক্ষা দিচ্ছে আমায়
লালমোহনের লাশ, লালমোহনের লাশ।

লালগড়ের পুলিশী সন্ত্রাস বিরোধী জনগণের কমিটির নেতা লালমোহন টুডুকে সিআরপিএফ ও পুলিশ সন্ধ্যাবেলা বাড়ি থেকে তুলে নিয়ে পাশের জঙ্গলে গিয়ে গুলিতে ঝাঁঝরা করে দেয়। মেয়ের মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার আগের সেই সন্ধ্যায় তিনি লুকিয়ে বাড়িতে এসেছিলেন। সরকার জানায় গুলি বিনিময়ে মৃত্যু। পরিবার বা গ্রামবাসীদের হাতে মৃতদেহ দেওয়া হয়নি শেষ পর্যন্ত।

সৌজন্যেঃ মলয় তেওয়ারী (তথ্য)

শেয়ার করুন:

সুমনামি ১৪

ও যে মানে না মানা’ গানটির সুর করতে গিয়ে রবীন্দ্রনাথ শুদ্ধ স্বরবিশিষ্ট সপ্তকের শুদ্ধ গান্ধারটিকে ‘সা’ মেনে আগের শুদ্ধ স্বরগুলিকে

আরও পড়ুন / শুনুন >

চে

চে, খুনিদের গেঞ্জিতে তুমি হলে ছবি তোমারি ভাগ্যে ভোট ভোট মতলবি তাপসীর খুনিদের গেঞ্জিতে চে তাপসীর আত্মাও চেয়ে দেখছে… তাপসী

আরও পড়ুন / শুনুন >