বুদ্ধি আমার শাণিয়ে নেওয়া
কিছুই দৃষ্টি এড়ায় না
এদিক ওদিক বেড়ায় তবু
ভুলের পাড়া বেড়ায় না
দার্জিলিঙে, রাজস্থানে
গণ্ডগোলে, গ্যাঙটকে
খুনখারাপী মূর্তি চুরি
লোভীর লালা লকলকে
গল্পে আমি দিব্যি ছিলাম
গ্রীষ্ম, বর্ষা, শরৎ, শীত
আমার গল্প সঙ্গে নিয়ে
চলে গেলেন সত্যজিৎ
তপেশ আমার সঙ্গী ছিলো
সঙ্গী ছিলেন লালমোহন
বয়স একটু বাড়তি হলেও
কম ছিল না টাটকা মন
উটের পিঠে সওয়ার হয়ে
নাস্তানাবুদ হলেন খুব
লালমোহনের কলমখানা
অনেক লিখে এখন চুপ
গল্পে তিনি ভালই ছিলেন
গ্রীষ্ম, বর্ষা, শরৎ, শীত
জটায়ুকে সঙ্গে নিয়ে
চলে গেলেন সত্যজিৎ
অনেক দেখা, অনেক জানা
অনেক কিছু করার পর
স্মৃতির মধ্যে থমকে থাকা
আমার পক্ষে কষ্টকর
লালমোহন আর তোপসেটারও
একই দশা দেখতে পাই
ইচ্ছে করে সবাই মিলে
নতুন কিছু করতে যাই
তখন আবার গল্প হবে
রহস্যতেই ভর করে
ছুটবে আবার কল্পনাটা
সত্যজিৎ এর পথ ধরে৷৷
সংযোজনেঃ শুভায়ু মজুমদার





























