Search
Close this search box.

আমি যাকে ভালোবাসি

আমি যাকে ভালোবাসি,
তার গল্প শোনাব,
তার কাহিনী শোনাব,
যেমন সন্ধ্যে গল্প শোনায়,
ক্লান্ত আকাশকে শোনায় রাত্রির গল্প।
আমি যাকে ভালোবাসি
তার কাহিনী রাতের মত।
তার নয়ন ছড়ায় শান্তির গান
যেন পরম আদরে ঘুম আসছে
যেন আকাশ আপন মনে ভাসছে
চির মমতার সাগর হয়ে।
আমি যাকে ভালোবাসি,
সে ভালোবাসে শান্তির দিন।
সে জানে বেঁচে থাকে সম্ভব
একে অন্যের বন্ধু হয়ে।

কত লোকে কত বলছে, সভা সমিতিতে মঞ্চে,
তুমুল তর্ক বিতর্ক যেন কথা দিয়ে রুখে দেওয়া যায়।
ঘাতকের ষড়যন্ত্র, সভ্য আণবিক অস্ত্র,
অর্থহীন যত যুদ্ধ, এই অর্থহীন অপচয়।
আমি যাকে ভালোবাসি, সে কাঁদে দুনিয়ার জন্য,
সে বড় একলা, অনন্য,
বেশি বয়সের প্রেমের মত।
পৃথিবী যে নিয়মে চলছে,
সে ঠিক সে নিয়মে চলে না,
তাকে সহজে বোঝা যায় না
তার ভাবনা অন্যরকম।

তুমি জানো কোন লাভ নেই অকারণ কথা বাড়িয়ে
বরং বুঝে নেওয়া সম্ভব কথাহীনতায় হারিয়ে।
বাতাসে তোমার স্পর্শ ছেলেবেলার মত ডাকছে,
যখন দিনগুলো সহজে, কত সহজেই রঙ্গিন হতো।
আমি যাকে ভালোবাসি, তার গল্প শোনাব,
তার কাহিনী শোনাব,
ঘুম ঘুম রূপকথার মত।

Shubhayu Majumder

শেয়ার করুন: