আমার ভাইয়ের মুখ আমি দেখি দেয়ালে দেয়ালে
শুকনো ঠোঁটের পাশে সময়ের বয়সের দাগ,
শক্ত চোয়াল তাঁর উধাও গালের ফাঁকা মাঠে
একা দাঁড়িয়েছে এক মার খাওয়া একা চিতা বাঘ!
আমার দেশের মুখ আমি দেখি মানুষের মুখে
লক্ষ লক্ষ চোখ বিষণ্ণতার মত ফাঁকা,
ঘুমোতে যাবার আগের যেমন নিঝুম রাত ভাবে
আদিম অন্ধকারে আকাশের মত সেও একা।
আমার গানের মুখ আমার ভাষার মত একা
আমার ভাইয়ের মুখ আমার ভাষার মত একা
আমার ভাইয়ের মুখ আমি দেখি দেয়ালে দেয়ালে
আমার ভাইয়ের মত আমার ভাষাও একরোখা।





























