মোদ্দা কথা টা হলো বাঁচো
আয়নায় একা একা নাচো
অঙ্গভঙ্গি এলোমেলো
নিজেকে দেখেই হেসে ফেলো
অত গুরুতর নয় সব
গোদা মানুষের কলরব
আসলে ব্যস্ত সব্বাই
ক্রোড় পতি জগাই মাধাই
গনখুন গণপিটুনি তে
ঠেঙিয়ে ফরসা করে দিতে
গণতান্ত্রিক হওয়া লাশ
এখনো নিচ্ছে নি:শ্বাস
বেড়ালের ন’খানা জীবন
একটি মাত্র যৌবন
বাকি সব প্রবীণ এর দাবি
শিগগিরই বুড়ো হয়ে যাবি
বড়দের বুড়ো দুনিয়ায়
কে আর ছুটির হওয়া খায়
হওয়া মানে তেল পোড়া ধোঁয়া
সুতরাং মুখ ঢেকে শোয়া
মুখ ঢেকে রাখে সভ্যতা
ছুটি নিয়ে গেছে নীরবতা
একঘেয়ে আওয়াজ এর নেশা
মগজ হীনতা দিয়ে পেষা
পিষে ফেলে রুচির বালাই
চলো আজ ব্যবসা চালাই
বছরের লাভ টুকু বুঝে
শেষ মেষ নেব ছুটি খুঁজে
ছুটি ডাকে লুকিয়ে লুকিয়ে
আবডালে হাতছানি দিয়ে
গোপন প্রেমের মতো ছুটি
সিঁড়ির তলায় গুটি সুটি
কড়াই শুঁটির শীতকাল
ডাক দেয় ছুটির সকাল
মগ ডালে পাতা নেই কোনো
নীলিমায় ছুটি ডাকে শোন
আলগোছে ভেসে যাওয়া ঝিল
মাটিতে পোকার কিলবিল
পীপড়ের সারি বাঁধা দল
এবার ছুটিতে যাব চল
চলো আজ ছাদে হেঁটে আসি
অন্ধকারেই পাশাপাশি
সিঁড়ি তে তোমায় চুমু খাবো
এবার ছুটিতে ছাদে যাবো
হোটেল খরচ মোটে নেই
হাওয়াও একটু থাকবেই
কিছু হাঁটাহাঁটি করা যাবে
বেঁচে আছি এইভাবে।





























