Search
Close this search box.

একলা হতে চাইছে আকাশ
মেঘগুলোকে সরিয়ে দিয়ে
ভাবনা আমার একলা হতে
চাইছে একা আকাশ নিয়ে…

একলা হতে চাইছে গাছটাও
হলদে পাতার আলতো ঝড়ে
পাতায় পাতায় বিষন্নতা
গাছেরও মন কেমন করে…

একলা হতে চাইছে বিকেল
দিন ফুরানো পথের ধারে
রবীন্দ্রনাথ একলা থাকেন
অশ্রু নদীর সুদূর পানে…

একলা হতে চাইছে রাত্রি
অন্ধকারের আড়াল থেকে
ভাবনা আমার একলা হলো
তারায় তারায় আকাশ দেখে…

কোথায় আকাশ একলা হবে
তারার রাজ্য পেরিয়ে গিয়ে
ভাবনা আমার একলা হতে
চাইছে একা আকাশ নিয়ে।

শেয়ার করুন: