Search
Close this search box.

ছত্রধরের গান

কেউ দিতে চায় আছাড়
কেউ দিতে চায় মাড়িয়ে
রুক্ষ মাটির দুঃখ নিয়ে
ছত্রধর দাঁড়িয়ে , ছত্রধর

কজন দিলো ইজ্জত
কজন দিলো প্রাণ
আর কিছু নয় বাঁধছে সময়
ছত্রধরের গান, ছত্রধর

বন্দুক আর বুলেট
সেপাই দলে দলে
অন্য দিকে বিরশা জাগেন
জঙ্গলে জঙ্গলে

জল নেই কোথাও
বুটের নিচে ঘাস
উন্নয়নের টাকায় চলছে
রাষ্ট্রীয় সন্ত্রাস

রাষ্ট্র মানেই লেফট
রাষ্ট্র মানেই রাইট
কুচকাওয়াজের তলায় আছে
গানের ডায়নামাইট

বেবাক ধরপাকড়
চলুক আরো তবে
বিরশার ভূত সময়মত
বিস্ফোরণী হবে

মরব আমি জানি
কাছেই গোরস্থান
মরার আগে গাইছি আমি
ছত্রধরের গান, ছত্রধর।

শেয়ার করুন: