Search
Close this search box.

জমি বেচার টাকা

পুকুর পাড়ের নোয়ানো গাছ
চিনতো একটা ছটফটে মাছ
যখন তখন মাছটা খেলতো
গাছটা দেখতো, গাছটা হেলতো
চিনতো, খেলতো, দেখতো, হেলতো
সবই অতীত তাই তো, তাই তো
রইলোটা কী বর্তমানে?
মানুষ জানে মানুষ জানে।

জল ছুঁতো সেই গাছের পাতা
পুকুরটা তার গানের খাতা
বৃষ্টি হলে সারা দুপুর
গাইতো খাতা টাপুর টুপুর।

হাওয়ার ছিলো আনাগোনা
চলতো জলে নকশা বোনা
গাছের পাতায় কাটতো বিলি
হাসতো পুকুর ঝিলিমিলি।
চিনতো, খেলতো, চলতো, হাসতো
সবই অতীত তাই তো, তাই তো
রইলোটা কী বর্তমানে?
মানুষ জানে মানুষ জানে।

নোয়ানো গাছ কোথায় গেলো
পাড়ার পুকুর কে বোজাল
যুগের হাওয়া অন্য মনে
জমি বেচার টাকা গুণে।

শেয়ার করুন:

শানিয়ে নেওয়া

বুদ্ধি আমার শানিয়ে নেওয়া,কিছুই দৃষ্টি এড়ায় না, এদিক ওদিক বেড়ায় তবু,ভুলের পাড়া মাড়ায় না দার্জিলিঙে রাজস্থানে,গণ্ডগোলে গ্যাংটকে, খুন খারাপি মূর্তি

আরও পড়ুন / শুনুন >