Search
Close this search box.

তোমার কথার রঙ

তোমার কথার রঙ কি লাল
হলুদ সবুজ হালকা নীল
বুঝি বা শুভ্র শরত্কাল
তোমার কথার শংখ চিল

তোমার কথার ছন্দ কি
পয়ার ত্রিপদী ঝাঁপ তালে
চলেছ একলা নর্তকী
বেতাল বেসুর দিন কালে

ফায়ব্রাফোন কি ধ্বনি তোমার
স্পন্দন মাখা তোমার সুর
সিন্থেসাইজার এই আমার
কেঁপে ওঠে তুমি-ময় ঘুঙ্গুর

ইমন এ তোমায় মানায় না
বাহারেও নয় তোমার গান
ললিত তোমাকে চেনায় না
বুঝতেন এটা আমীর খান

বব ডিলান কি তোমায় খুব
দূর থেকে ভালোবেসেছিলেন
তোমারি জন্যে অনুষ্টুপ
ছন্দে ব্যালট বেঁধেছিলেন

লেনিন সেবার শীতকালে
ভালোবেসে ফুল জীবন্ত
আনলেন মরা দিনকালে
তোমারি জন্যে বসন্ত

রবীন্দ্রনাথ ছিলেন সেই
মুক্ত হাওয়ার বসন্তে
ধরতে তোমার কথার খেই
গেলেন গানের অনন্তে

তোমার ভাষা কি পাখির চোখ
উদগ্রীব আকাশের খোঁজে
আমার আকাশ তোমার হোক
পাখিদের ভাষা সেই বোঝে

শেয়ার করুন:

কী করে বলব

কী করে বলব আবার পড়েছি প্রেমে পুরনো ঘড়িটা হটাৎ গিয়েছে থেমে থমকে গিয়েছে কালের যাত্রা থমকে গিয়েছে নদী বৃথাই জীবন

আরও পড়ুন / শুনুন >