ব্রিগেডে মিটিং হবে লক্ষ লক্ষ মাথা
ব্রিগেডে মিটিং শেষ হাঁপাচ্ছে কলকাতা
ব্রিগেডে মিটিং হবে ময়দান তোলপাড়
ব্রিগেডে মিটিং শেষ ছড়ানো চায়ের ভাঁড়
ব্রিগেডে মিটিং হবে গ্রাম থেকে আসা মুখ
ব্রিগেডে মিটিং শেষ বেচারা আগন্তুক
বেচারা আগন্তুক বেচারা আগন্তুক
ব্রিগেডে মিটিং হবে রাস্তায় যানজট
ব্রিগেডে মিটিং শেষ ফুরায় না সংকট
ব্রিগেডে মিটিং হবে অনেক উঁচুতে মাচা
ব্রিগেডে মিটিং শেষ বড্ড নিচুতে বাঁচা
ব্রিগেডে মিটিং হবে মানুষ উত্তেজিত
কি করে বাঁচবে লোকে
কেউ যদি বলে দিত!
কেউ যদি বলে দিত!
কেউ যদি বলে দিত!
ব্রিগেডে মিটিং হবে কথার পাহাড় হলো
পাহাড়ের চুড়ো দেখে এবার ফিরবে চলো
ব্রিগেডে মিটিং শেষ পড়ে থাকা ময়দানে
ছায়ামুর্তিরা আসে জীবিকার সন্ধানে ।





























