
দেবাশিস দেবাশিস
তোমার আমার তখন আঠেরো
রোমাঞ্চ ফিসফিস।।
ক্রিকেটের পরে হাত ধরে ফেরা শীতের সন্ধে নামে
যেখানে তোমার গায়ের গন্ধে আমার শরীর ঘামে।
একদিন লেকে কাঁধে হাত রেখে তুমি আমি মুখোমুখি
প্রথম চুমুর আবিষ্কারেই আমরা দু’জন সুখী।
দেবাশিস দেবাশিস
তোমার আমার তখন আঠেরো
রোমাঞ্চ ফিসফিস।
তারপর এক ছুটির দুপুরে শরীরে শরীরে খোঁজা
দুটি তরুণের ভালোবাসা আর কামনার ভাষা বোঝা।
অঙ্গে অঙ্গে আবিষ্কারের নাছোড়বান্দা সুখ
অপলকে শুধু দেখেছিলে তুমি ব্রণভরা এই মুখ।
ভুলে যাওয়া বাকি দুনিয়াটা শুধু আদরে আদরে মেশা
দুটি তরুণের আলিঙ্গনেই প্রথম প্রেমের নেশা।
কিসের আইন কিসের বিধান তিনশো সাতাত্তর
প্রথম প্রেমিকা দেবাশিস আমি প্রথম প্রেমিক তোর।।





























