
দেহের মধ্যে সুজন যে জন
তার ঘরেতে ঘর করেছি
রামপ্রসাদের কথায় কবীর
সুমন বলে গান ধরেছি।
সেন চাটুজ্যে অন্য রাজ্যে
তোমার আমার দেশ আলাদা
হাটবাজারের ধম্মো তোমার
আমার বাংলা সুরেই বাঁধা।
সংস্কৃত ফার্সি জানতে
আমি জানলাম ইংরিজিটা
তোমার তারা আমার খোদা
সুর আমাদের বাস্তুভিটা।
সিরাজ তোমার শ্রোতা ছিলেন
আমার শ্রোতা চড়ুই শালিক
ফুড়ুৎ ক’রে পালিয়ে যাওয়া
ভালোবাসাই আমার মালিক।
এখন সবাই শাসক চেনে,
জানে কোথায় পাল্লা ভারি
গানের প্রসাদ গানের কবীর
সুমন দু’জন বেসরকারি।
এই বয়সে খুঁজে বেড়াই
দেহের মধ্যে সুজনটাকে
খোদার কসম তারার কসম
জন্মাবো ফের তোমার ডাকে।।





























