৬১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের আসরে আবার বাঙালির জয়জয়কার৷ সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ‘জাতিস্মর’ পেয়েছে ৪টি জাতীয় পুরস্কার৷ পুনর্জন্ম ও অ্যান্টনি কবিয়ালের জীবন আধারিত ‘জাতিস্মর’ ছবির জন্যে সেরা সঙ্গীত পরিচালকের সম্মান পাচ্ছেন কবীর সুমন৷ এই ছবিতেই ‘এ তুমি কেমন তুমি’ গানটি গাওয়ার জন্য সেরা নেপথ্য গায়কের পুরস্কার পাচ্ছেন রূপঙ্কর বাগচী৷ এই গানটি কবীর সুমনেরই লেখা৷ এই ছবির জন্য সেরা পোশাক পরিকল্পনার পুরস্কার পেলেন সাবর্ণী দাস৷ তবে এই ছবিতেই অ্যান্টনি কবিয়াল ও কুণাল হাজরার মেকআপের জন্য যিনি সেরা মেকআপ শিল্পীর পুরস্কার পেলেন, তিনি অবশ্য বাঙালি নন৷ তিনি মুম্বই নিবাসী বিক্রম গায়কোয়াড. সেরা আবহসঙ্গীতেরও পুরস্কার পেলেন আর এক বাঙালি– শাম্তনু মৈত্র, তেলুগু ছবি ‘না বঙ্গারু তাল্লি’র জন্য৷ সুজিত সরকার পরিচালিত ‘ম্যাড্রাস কাফে’ ছবির জন্য সেরা সাউন্ড ডিজাইনিংয়ের পুরস্কার পেলেন যিনি, তিনিও বাঙালি– বিশ্বদীপ চট্টোপাধ্যায়৷ অন্যদিকে, আঞ্চলিক ছবির সেরা পুরস্কারটি পেল প্রদীপ্ত ভট্টাচার্য পরিচালিত ‘বাকিটা ব্যক্তিগত’৷
পাশাপাশি সেরা কাহিনীচিত্রের পুরস্কার পাচ্ছে আনন্দ গান্ধী পরিচালিত ‘শিপ অফ থেসিয়াস’, সেরা নতুন পরিচালকের ইন্দিরা গান্ধী পুরস্কার পাচ্ছেন মারাঠি ‘ফ্যান্ড্রি’ ছবির পরিচালক নাগরাজ মঞ্জুল, সেরা জনপ্রিয় ছবি বিবেচিত হয়েছে রাকেশ ওমপ্রকাশ মেহরা পরিচালিত ‘ভাগ মিলখা ভাগ’৷ এবং এই ছবিরই ‘মস্তোঁ কা’ গানের জন্য সেরা কোরিওগ্রাফার হলেন গণেশ আচার্য৷ জাতীয় সংহতি বিষয়ে সেরা কাহিনীচিত্রের নার্গিস দত্ত পুরস্কার পাচ্ছে বালু মহেন্দ্র পরিচালিত তামিল ছবি ‘থালাইমুরাইগল’৷ সামাজিক ইস্যুভিত্তিক সেরা ছবি সতীশ মানওয়ারের ‘তুহিয়া ধর্মা কোঁচা’৷ সেরা শিশু চলচ্চিত্র ‘কফল’৷ আসা যাক ব্যক্তিগত পুরস্কারের ক্ষেত্রে৷ সেরা পরিচালক হয়েছেন ‘শাহিদ’ ছবির পরিচালক হংসল মেহতা৷ সেরা অভিনেতা যুগ্মভাবে ‘শাহিদ’ ছবির রাজকুমার রাও এবং মালয়ালম ‘পেরারিয়াথাভার’-এর সুরাজ ভেঞ্জারামুড়ু৷ সেরা অভিনেত্রী ‘লিয়ারস ডাইস’ ছবির গীতাঞ্জলি থাপা৷ সেরা পুরুষ সহ-অভিনেতা ‘জলি এল এল বি’র সৌরভ শুক্লা৷ সেরা সহ-অভিনেত্রীর পুরস্কার যুগ্মভাবে পেলেন ‘অস্তু’ ছবির অমৃতা সুভাষ এবং ‘শিপ অফ থেসিয়াস’ ছবির আইদা এল-কাশিফ৷ বুধবার ৬১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের তালিকা ঘোষণা করলেন ১১ জুরি সদস্যের প্রধান সইদ আখতার মির্জা৷ ৩ মে রাষ্ট্রপতি প্রাপকদের হাতে তুলে দেবেন পুরস্কার৷
কবীর সুমনের জন্যে গর্বিত সৃজিত:
সেরা সঙ্গীত পরিচালক হিসেবে কবীর সুমন জাতীয় পুরস্কার পাওয়ায় খুশি ‘জাতিস্মর’-এর পরিচালক সৃজিত মুখোপাধ্যায়৷ আমেরিকা থেকে ফোনে সৃজিত জানালেন, সুমনদা পুরস্কার পাওয়ায় আমি গর্বিত৷ তিনি ছাড়া বাংলা গানের এই দেড়-দু’শো বছরের যাত্রাটাকে যথার্থভাবে ধরা সম্ভব ছিল না৷ রূপঙ্কর পুরস্কৃত হওয়ায়ও খুশি সৃজিত৷ খুশি তাঁর ‘জাতিস্মর’ ৪টি জাতীয় সম্মান পাওয়ায়৷ এ সপ্তাহেই সৃজিতের কলকাতা ফেরার কথা৷ সেরা জাতীয় সম্মান পেয়ে খুশি কবীর সুমনও৷ তিনি বললেন, এই ছবির জন্যে ঐতিহাসিক তথ্য থেকে গান বাছাই, সবই করেছেন সৃজিতবাবু৷ বললেন, রূপঙ্কর গান রেকর্ডিংয়ের সময় বকুনিও খেয়েছেন৷ কিন্তু খুবই ভাল গেয়েছেন তিনি৷ উল্লেখ করা যাক, কবীর সুমনের ‘জাতিস্মর’ গানটিই এই ছবি তৈরির জন্যে উদ্বুদ্ধ করেছিল সৃজিত মুখোপাধ্যায়কে৷ এ ছবিতে দ্বৈত চরিত্রে অসাধারণ অভিনয় করেছেন প্রসেনজিৎ৷
সৌজন্যেঃ আজকাল





























