Search
Close this search box.

ষষ্ঠ কবিতা

ক্যাটাগরিঃ কবিতা

আমার ষষ্ঠ কবিতা আমায় মনে করিয়ে দিচ্ছে বন্ধুবর, কবি শহীদ কাদরির কথা
কত বছর আগে শোনা হুবহু না
দূর থেকে দেখা ঢাকাছুট হাওরের ফিসফিসে বিস্তারের মতো:
“সুমন, মুক্তিযুদ্ধের সময়ে, আমি তখন লুকিয়ে, আমার কবিতার কিছু বই
গ্রামের মাটিতে পুঁতে দিয়েছিলাম।”

মনে আছে শহীদ কিছু বলতে গেলেই বারবার “সুমন সুমন” বলে ডাকতেন।
“সুমন, একদিন পাক্‌বাহিনীর সাঁজোয়া গাড়ি এলো
মুক্তিযোদ্ধাদের তল্লাস
সুমন, যে-মাটিতে আমার কবিতাগুলো পোঁতা ছিল
তার ওপর দিয়ে সশব্দে চলে গেল হানাদাররা
ভারি ভারি টায়ারের সে-কী দর্প
সুমন, প্রাণপণে চাইছিলাম – একবার ফাট্‌…একবার…একবার আমার কবিতা কাজে লাগুক
একবার ল্যাণ্ডমাইন হয়ে যাক আমার কবিতা…”
ফাটল না, সুমন, ফাটল না
তাহলে আর কিসের কবিতা, সুমন।

শহীদ, জানি না কোথায় আছেন এ-সকালে
আজ আবার আমার নবীন সহনাগরিকরা জানাচ্ছেন
আবার এক নির্দোষ গ্রামবাসীকে দখল করল এ-বিজেপিদেশের মুসলিম-খৃষ্টান-বিদ্বেষী সরকার
আবার সেই বাংলার বেচারা মাদ্রাসা
আবার একই মিথ্যে
শহীদ, দেশভাগের পর আমার কলকাতা ছেড়ে চলে যাওয়া আমার শহীদ
আমার প্রতিটি গান মিথ্যে
একটাও ফাটল না ফাটে না
ছর্‌রাগুলির মতো ছুটে যায় না এদিক ওদিক
ল্যাণ্ডমাইন হতে পারে না
তাহলে আর কিসের গান, শহীদ।

কবীর সুমন ৬, ২, ২০১৫

শেয়ার করুন:

এজেন্ট

ন’লাখ টাকা তুলে মৃণাল খেলেন বিষ এজেন্ট ছিলেন তিনি, সঞ্চয় বেহদিশ বন্ধু হাকিম গাজি, রাখতেন কুড়ি রোজ সবজি বেচার টাকা

আরও পড়ুন / শুনুন >