ভারতের আদিবাসীরা কি আদিরও আদিতে হিন্দু ছিলেন
“প্রশ্নগুলো সহজ আর উত্তরও তো (বিশ্বহিন্দুপরিষদের) জানা।”
যুক্তি দিয়ে ভাবলেই লোকে চিন্তায় পড়বে
কী আপদ
ভয়ানক পাণ্ডিত্য না থাকলেও তো আন্দাজ করা যায়
হিন্দুধর্মের বর্ণাশ্রম প্রথা মানতে চাননি আদিবাসীরা
যেমন চাননি জিপসিরা
যে কারণে তাঁদের দক্ষিণ দিক থেকে হিচ্-হাইক করে পালিয়ে যেতে হয়েছিল
সেই গ্রীস পর্যন্ত, ম্যাসেডোনিয়া পর্যন্ত চলে গিয়েছিলেন তাঁরা।
সঙ্গে নিয়ে গিয়েছিলেন কর্ণাটক অঙ্গের সুর তাল ছন্দ
যা আজও তাঁদের বাজনায় নাচে-বাজনায় বেজে ওঠে।
“ওয়াপসি”
ফিরে আসা।
বিশ্বহিন্দুপরিষদ নিশ্চিন্ত
জাগযজ্ঞ করে সংস্কৃত মন্ত্র পড়ে
ফেরাচ্ছেন যাঁদের তাঁরা নাকি স্বেচ্ছায় আসছেন হিন্দু ধর্মে ফিরে।
প্রায়শ্চিত্ত?
পাপী, বিধর্মী, ম্লেচ্ছদের মধ্যে
ছিলেন তাঁরা এতো যুগ
দুধে একটু গোবর গুলে খেয়ে ফেলতে পারলেই হয়ে গেল।
গোবরের কথাটা উঠতেই চিন্তায় পড়ে গেছেন পৃথিবীর পাখীরা
আদিতে-ফেরো-আদিতে-ফেরোর হাওয়ায়
তাঁরাও নাকি বিবর্তনের পথ ধরে পেছনের দিকে যেতে চান
এ নিয়ে আজ সন্ধেবেলা
কলকাতার এক চ্যানেলে আলোচনা হবে
অংশ নেবেন ভারতের নোবেলপ্রাপ্ত বৈদিক বিজ্ঞানীরা।
ভারতের হিন্দুত্ববাদী ঋষি ও পণ্ডিতদের সঙ্গে পাখিদের
একটা হট্লাইন আছে প্রাক্পাখি যুগ থেকে
পাখিদের কয়েকজন প্রতিনিধি সম্প্রতি একটি ফিরে-আসা অনুষ্ঠানে
অবজার্ভার হিসেবে হাজির ছিলেন
তাঁদের জগতে ফিরে গিয়ে তাঁরা রিপোর্ট দেওয়ার পর
কৈলাসে বিশ্বপাখিসম্মেলন হয়ে গেল
বিনা ব্যতিক্রমে সব প্রতিনিধি বললেন
তাঁরা তাঁদের প্রাকপাখি অবস্থায় ফিরে যেতে চান।
সরীসৃপ।
বিশ্বমুর্গী পরিষদের সভাপতি বললেন
যুগের পর যুগ সাপের মতো হাঁটলুম
বড় একঘেয়ে
এবারে সাপের অবস্থায় ফিরে যেতে চাই।
এই দাবির পুনরাবৃত্তি শোনা গেল
বিশ্বপায়রা পরিষদের সভাপতির মুখে
তিনি এমনকি সন্ধ্যা মুখোপাধ্যায়ের গায়কিতে
উজ্জ্বল একঝাঁক পায়রা গানটি গেয়ে সকলকে মাতিয়ে দিয়ে বললেন
নিকুচি করেছে একফালি নাগরিক আকাশে নীল কপোতাক্ষীর ক্লান্তি
তাছাড়া আপনারা, কমরেডস, কী মনে করে হে কপোত পারাবত পায়রার সময়ে
কোরাস ধরলেন
আমার গলাটা
গেরোবাজি গলা বলে কথা
স্রেফ চাপা পড়ে গেল।
ঐ সময়ে আমি মুখ ভেঙিয়ে এক্সপ্রেশন্ দিচ্ছিলাম
রিহার্সাল দেওয়া ছিল
আপনারা একবারটি দেখলেনও না
ঐ একঘেয়ে কপোত পারাবত পায়রার বদলে আমি ভেঙচি কেটে গাইছিলাম
হে গোখরো লাউডগা ঢ্যামনা
যেদিকে দুচোখ যায় দেখা যায় যদ্দূর
আদিবাসীরা যেমন স্বেচ্ছায় হিন্দুত্বের বুকে ফিরে আসছেন
আমরাও তেমনি ভয়ঙ্কর স্বেচ্ছায় বিশ্বসর্পমার্গের শুধু বুকে নয় তলপেটেও
ফিরে যেতে চাই।
বিশ্বপায়রা পরিষদের বুলেটিনে প্রকাশ
কিছু দূরে এক ভবাণীপুরি গোলা পায়রা বসেছিলেন
এক ফাঁকে তিনি বলে উঠলেন
শালা একবার ফের সাপুমিতে ফিরে যাই
আর যাই হই লাউডগা হবো না
হবো কমসে কম বালকিষণ
সাপের ভাষা ফিসফিস
বালকিষণের ভীষণ বিষ
মন্ত্র পড়ে নিলে আর
দুধ-গোবর খেয়ে প্রায়শ্চিত্ত করতে হবে না।
কবীর সুমন ৭, ০২, ২০১৫





























