গানের কসম দিলশাদ, দিলশাদ
স্বরলিপি লেখা কাবিননামায় সই
মধ্যবিত্ত পাড়ায় পড়েছি বাদ
তবুও আমরা বাঁচবোই, বাঁচবোই।
বুড়ো হয়ে গেছি তবুও গান শোনাই
মাধুকরীভ্রত এখনো উদযাপন,
দিলশাদ আমি তোমাকে, তোমাকে চাই
যদিও আমার চলে গেছে যৌবন।
যাক যৌবন, যাক চলে ফাল্গুন
তোমার আমার হেমন্তটাই বেশ।
বেলা যায় তবু হৃদয়ের গুনগুন
বন্ধুরা আছে, রয়েছে গানের রেশ।





























