Search
Close this search box.

জনতার হাতে হাতে

জনতার হাতে হাতে ঘোরো তুমি নিশানের মত
দাবির নিশান হয়ে দুলে ওঠো তুমি হাতে হাতে
হাতের মুঠোয় হও চিৎকার প্রতিবাদ যত
চির প্রতিরোধ হয়ে থাকো তুমি আমার বরাতে।

বদলায় যেন হাত লাগে যেন মানুষের ঘাম
মানুষের নিশ্বাস থাকে যেন তোমার বাতাসে
আশ্বাস হয়ে তুমি ধরে থেকো আমাদের নাম
তোমার হাসির দাগ লাগে যেন সবার আকাশে

হঠৎ খুশির মতো নেচে ওঠো যখন তখন
চঞ্চল পায়ে তুমি ছুটে যেও নিষেধের পথে
মাতাল সুখের মত দিক ভুল করবে যখন
নতুন নিশানা যেন আসে মানুষের হিম্মতে।

থেমনা কখনো তুমি তৃপ্তির মুমূর্ষু টানে
স্থবির সময় ভেদ করে তুমি যেও গান গেয়ে
এ-গান ফুরোলে চলে যেও তুমি আগামির গানে
স্থাণু স্বরলিপি দেখে চিরকাল হেসো তুমি মেয়ে।

সাবলীল নাই হলে, উচু নিচু তোমায় মানায়
ঘাত প্রতিঘাত হয়ে ছুটে যেও যতখানি পার
আমাদের শত্রুরা হাতিয়ার আড়ালে শানায়
গতির ছন্দে তুমি শান দাও অস্ত্র তোমারও।

মেঘের আকাল হলে, হয়ো তুমি শ্রাবনের দূত
দারুন প্রেমের মত ঝরে পরো তুমি বুকে বুকে
তোমার জলেতে মিশে প্রাণ পায় যেন অদ্ভুত
শ্রমের ফসল সব মানুষের দুঃখে ও সুখে।

Shubhayu Majumder

শেয়ার করুন:

পাগল

এক মুখ দাঁড়ি গোঁফ অনেক কালের কালো ছোপ ছোপ জট পড়া চুলে তার উকুনের পরিপাটি সংসার পিচুটি চোখের কোণে দৃষ্টি

আরও পড়ুন / শুনুন >