তিনি আশির বেশি
ভাবনায় নাচে দেহের পেশী
নটরাজ আজ কলম খোঁজেন
মহাশ্বেতাই লড়াই বোঝেন |
নাচছে জীবন নাচছে প্রলয়;
নাচে প্রতিরোধ, এই তো সময়
ডাকে মুহূর্ত ব্যারিকেড আয়
জমির লড়াই সকলকে চায় |
তোমাকে চাইছে আমাকেও চাই
জমির কসম এসো গান গাই
সিঙ্গুর ভাঙ্গর নন্দীগ্রামে
প্রতিরোধ চলে জমির নামে |
এমন সময় আসবে না আর
ডাক আসে শোনো মহাশ্বেতার
কী আর পেরেছি তাপসী মালিক
তুমি বাংলার দোয়েল শালিক |
পাখির কসম, কসম লড়াই
ডানা ঝাপটায় ছোট্ট চড়াই
বলছে — আসুন মেধা পাটেকার
আপনাকে চায় আমার গিটার |
সিঙ্গুর ও নন্দীগ্রামের আন্দোলন চলা কালীন এই কবিতাটি ১৯ জানুয়ারী ২০০৭ এর দৈনিক স্টেটসম্যান পত্রিকায় প্রকাশিত হয় |





























