রাত এগারোটা বাজতে আর তিন মিনিট
তিন মিনিটেরও কম সময়ে এককালে
৭৮ আর পি এমের গ্রামোফোন ডিস্ক বাজত
রবিশঙ্করের ‘রসিয়া’ আড়াই মিনিট।
তিন মিনিটে আমি আমার তৃতীয় কবিতাটা লিখবই
রিয়েল টাইমে লিখছি ভাবছি লিখছি ভাবছি না
লিখছি কারণ লিখতে চাইছি কবিতা কারণ আমার
কবিতা পেয়েছে পাচ্ছে পেতে চাইছে চাইছে
বয়স হলে রাতে যেমন বারবার পায়
উঠতে হয় বারবার পায় তারপর আবার –
তিন মিনিট শেষ কবিতা পেলো কিন্তু হলো না
বয়স্ক পুরুষদের যেমন হামেশাই হয় গভীর রাতে।
কবীর সুমন ৪,২,২০১৫





























