তোমার তুলনা আমি খুঁজি না কখনো
বহু ব্যবহার করা কোনো উপমায়
গীতিকার চর্চিত শব্দের ফেনায়
তোমার তুলনা কোনোদিন জানবে না।
রাতের বাহারি চাঁদে, আফিমে গোলাপে
হারমোনিয়াম টানা সুরেলা প্রলাপে
অথবা তবলা ঠেকা ‘তেরে কে টে তি না’
তোমার তুলনা কোনোদিন জানবে না।
আকাশে আষাড় মেঘে বৃষ্টির তোড়ে
মিয়া-মল্লার রাগে, সেতারের জোরে
শিল্পী যিনি, হোন চেনা বা অচেনা
তোমার তুলনা কোনোদিন জানবে না।
আবিল বিদেশী ছবির শটের পরতে
অনাবিল বাংলার স্বকীয় শরতে
অথবা সোয়ান লেক মেম ব্যালেরিনা
তোমার তুলনা কোনোদিন জানবে না।
সোনাটা খেয়ালে, রবি ঠাকুরের গানে
বড়ো বড়ো শিল্পীর রঙ-তুলি-
টানেমজে আছে যারা তারা জানি
মানবে না-তোমার তুলনা কোনদিন জানবে না !





























