একটা ছেলে অন্ধকারে আলোর কথা বলে
সেই ছেলেটা অন্ধকারে কয়েদখানায় যায়
অন্যরা সব আবছায়াতে যুগের পথে চলে
আমার শুধু অন্ধকারে গান বানানোর দায় ।।
বিচার হবে মামলা ভারী, অভিযোগের স্তুপ
সাক্ষী সাবুদ তৈরি আছে ডাইনে এবং বায়
সময় বুঝে প্রাজ্ঞ ভাবুক অনেকে নিশ্চুপ
আমার শুধু অন্ধকারে গান বানানোর দায় ।
সভা আছে মিটিং আছে বক্তৃতা জোরদার
ঘরের কাছে আরশিনগর পড়শি চেনা যায়
সেই ছেলেটা কয়েদখানায় হাসছে দু’চারবার
আমার হাসি অন্ধকারে গান বানানোর দায় ।





























