Search
Close this search box.

অনীতা দেওয়ান ক্ষমা কোরো

থেকে থেকেই কান্না শুনি
কান্না শুনি মর্মভেদী
শহীদ বেদী সারা গায়ে
মাথার মধ্যে শহীদ বেদী।

বানতলা তো কলকাতার-ই
দূর্গত এক বিশ্রী পাড়া
তিন মহিলা ঘায়েল হলো
তিনশো পুরুষ করলো তাড়া।

পুরুষ বলে লজ্জা করে
লজ্জা করে নিজের কাছে
তিন মহিলার রক্ত সবার
বিবেক জুড়ে থমকে আছে।

অনীতা দেওয়ানের লাশে
সভ্যতা কি লজ্জা পেল
আমার লজ্জা গাইছি আমি
তোমার লজ্জা তুমি বলো।

থেকে থেকেই কান্না শুনি
কান্না শুনি মর্মভেদী
শহীদ বেদী সারা গায়ে
মাথার মধ্যে শহীদ বেদী।

বর্বরতার নাম হলো এই
কবন্ধদের নীরবতা
এদিকে তো খ্যামটা নাচে
তিন শতকের কলিকাতা।

উৎসবে তোর লজ্জা করে
লজ্জা আমার ভীষণ জেদী
শহীদ বেদী সারা গায়ে
মাথার মধ্যে শহীদ বেদী।

রক্ত তোদের নতুন ফ্ল্যাটে
সকাল বিকেল কলের জলে
ধর্ষিতাদের রক্ত পড়ে
রক্ত দেশের গল্প বলে।

স্ন্যাকবারে দ্যাথ রক্ত লেগে
রক্ত লেগে মাটন রোলে
ছিটকে পড়া রক্ত লেগে
রইল আমার মাছের ঝোলে ।

অদৃশ্য সেই রক্তে ভেজা
একই রঙের নিশানখানা
রঙ-বেরঙের রাজনীতিতে
রক্ত লেগে ষোলো আনা।

অনীতা দেওয়ানের রক্ত
উঠতে চায়না এমন জেদী
শহীদ বেদী সারা গায়ে
মাথার মধ্যে শহীদ বেদী।

রক্ত তোদের মালকোষে আর
রক্ত তোদের জলসাঘরে
হার্মোনিয়াম রক্তে ভেজা
রক্ত বসে রেওয়াজ করে।

কালচরে তোর রক্ত লেগে
রক্ত দেশের বাল্যস্মৃতি
রবীন্দ্রসঙ্গীতেও রক্ত
ধর্ষণ তোর পরিচিতি।

রক্ত ঢেকে আলপনা দিস
এই তো সভ্য বর্বরতা
আমিও আছি তোদের দলে
আমারই নাম কলিকাতা।

শেয়ার করুন:

সুমনামি ০৭

ভোপালের গ্যাস দুর্ঘটনায় অনেক নিরীহ মানুষের ওপর যে চরম দুর্গতি নেমে এল সে জন্য আমিও যন্ত্রণা পেয়েছি। ভারতীয় রাগসঙ্গীতের মাধ্যমে

আরও পড়ুন / শুনুন >

একলা হতে

একলা হতে চাইছে আকাশ মেঘগুলোকে সরিয়ে দিয়ে ভাবনা আমার একলা হতে চাইছে একা আকাশ নিয়ে… একলা হতে চাইছে গাছটাও হলদে

আরও পড়ুন / শুনুন >