ইট ভেঙে ভেঙে খোয়া বানিয়ে চলেন সারাদিন
বিহারের গ্রাম থেকে চলে আসা বুড়ো হু চি মিন।
নামটি আমারি রাখা দূর থেকে মুখখানি দেখে,
ছোটো ছোটো দু’টি চোখ, থুতনি দাড়িটা মনে রেখে।
মেহনতে তিনি যেনো সূর্যের চেয়েও প্রবীণ,
বিহারের গ্রাম থেকে চলে আসা বুড়ো হু চি মিন।
ও চাচার মুখে নেই ভাষা, তাঁর হাতুরিতে তাল
বয়সের ভাঁজ পড়ে দুর্গম হয়েছে কপাল।
ভাগ্য হোঁচট খায় তিনশ পঁয়ষট্টি দিন,
বিহারের গ্রাম থেকে চলে আসা বুড়ো হু চি মিন।
রাস্তা তৈরি হয়, ঠিকেদার রোজগার করে
ইট-ভাঙা লোক চলে আসে গ্রাম থেকে আমার শহরে।
ভাঙা-চোড়া দিনগুলি কোথায় চলেছে দেখে নিন,
দেখে দেখে ইট ভেঙে ভেঙে ভেঙে যান বুড়ো হু চি মিন।
বিশ শতাব্দী গেল, একুশের মহরত হবে
পাল্টায় সাল বল দিনগুলি পাল্টাবে কবে ?
এই দিনগুলি ভেঙে গড়া হবে মানবজমিন,
আমি লিখি গান আর খোয়া ভেঙে যান হু চি মিন।





























