কত বিচিত্র খবর যে রটে
কুতুব মিনার নাকি উধাও
কাল সন্ধে পর্যন্ত ছিল
সকাল থেকে ভোঁভাঁ –
খবরটা রটে যাওয়ায়
দিল্লির মুষড়ে পড়া হনুমানরা
দল বেঁধে গিয়েছিলেন
কোথায় কুতুব
খান তিনেক খুন করে প্রথমে চার্জশিট
মসনদে স্বীয় দল আসার পর ক্লীন-চিট
ঋষি আমিত কুতুব ভ্যানিশের খবর পেয়ে
প্রথমে নাকি নিজের পেছনে হাত দিয়ে দেখেন
খবর রটেছে – কলকাতার জনসভায়
“দিদি—হি—হি—হি—হি” ব’লে ভ্যাঙাতে গিয়ে
শেষ যে “হি”টা তাঁর পেছনে আটকে ছিল
সেটাই আজ তাঁর হাতে ঠেকেছে, কুতুব নয়।
ইতিহাস বলে ভোটে হেরে যাওয়ার পর একবার
অটল বিহারি ও লালকৃষ্ণ দু’প্লেট চাট খেয়ে
একটা হিন্দি ছবি দেখেছিলেন
ম্যাটিনি শো।
রটেছে, মোদিজিও ভাবছিলেন অমিতজিকে নিয়ে
আজ একটা সিনেমা অন্তত দেখবেন
বাধ সেধেছে তাঁর উচ্চতা
সকাল থেকে তিনি কুতুবের মাথায়।
ডাক্তাররা এসেছেন, দেখছেন কিভাবে তাঁকে
উদ্ধার করা যায়। এর আগে দুবার দুটো ত্রিশূল
বের করা গিয়েছিল
কিন্তু আস্ত একটা কুতুব?
খুশি হয়েছেন শুধু নতুন বন্ধু বারাক
দূর থেকে বন্ধুকে তিনি স্যাটেলাইট ফোনে বলেছেন
আরে এই তো
আসল “up” তো তুমিই দোস্ত –
কিসের “AAP”
কুতুবের মাপই তোমার মাপ
এখন থেকেই শুরু হবে সত্যিকার
শীর্ষ বৈঠক।
কবীর সুমন ১০, ০২, ২০১৫





























