পুরুষ হয়ে জন্মেছি তাই
আবার ক্ষমা চাইতে হবে
লজ্জা আমার কোথায় লুকোই
কান্না আমার থামবে কবে!
কান্না কেন হয় না আগুন
পুড়িয়ে দেয় না এক এক করে
নপুংসকের অঙ্গগুলো
আস্ত ধরে, জ্যান্ত ধরে!
কামদুনি কি গানের বিষয়
রবীন্দ্রনাথ তোমায় বলি
ধর্ষণে আর মারের চোটে
মরল তোমার কৃষ্ণকলি!
চাইছে ফাঁসি গ্রামবাসীরা
ধর্ষকদের আর কিছু নয়,
ক্ষতিপূরণ তাতেই হবে
বিচার কবে আর কিসে হয়!
আমার ঘেন্না লজ্জা আমার
কোথায় রাখি কোথায় লুকোই
কার কাছে যে চাইব ক্ষমা
রক্তে ভেজা বিবেক শুকোই।
কোথায় ছিলে নেত্রী তুমি
একটিবার কি দেখতে গেলে
সবই তবে পালটে গেল
যেই না তুমি রাজ্য পেলে।
এই তো সেদিন ছুটতে তুমি
লাঞ্ছিতদের থাকতে পাশে
তাপসী যে মরল আবার
আমার খালি কান্না আসে।





























