
ঐতো তোমার শহর, ঐতো তোমার ঢাকা
আমায় নিয়ে উড়ছে এখন এরোপ্লেনের পাখা,
ঐতো তোমার শহর, তোমার গন্ধ মাখা
বিমান থেকে দেখছি তোমার আমার শহর ঢাকা।
ঐতো রাস্তা ঘাট, ধানমণ্ডির কাছে
ঐতো আমার বিষণ্ণতা একলা বসে আছে,
ঐতো নূরের হাসি, ঐতো জাকির এলো
ঐতো একটা ঠাট্টা শুনে আমার হাসি পেল।
ঐতো রিক্সা ছোটে, টয়োটাদের ভীরে
ঐতো মেরাজ ফকির এলেন মায়ের কাছে ফিরে,
ঐতো রামেন্দু দা, ঐতো গুলিস্থান
হাওয়ায় ভেসে আসছে হটাৎ আজম খানের গান!
ঐতো নতুন কবি রোকসানা আফরিন
ঐতো রেওয়াজ করতে বসেন সাবিনা ইয়াসমিন।।
ঐতো মুক্তিযুদ্ধ যাদুঘরের মোড়
ছোট্ট মেয়ের রক্ত মাখা স্বাধীনতার ভোর,
ঐতো পথের জটলা, বিশ্ববিদ্যালয়
ঐতো দাবি আসুক সাম্যতন্ত্র বিশ্বময়।
ঐতো পাণ্ডুলিপি, আখতারুজ্জামান
ইলিয়াসের গদ্য পরে লিখছি আমার গান।।
ঐ দু’একটা গান তোমার জন্য বাঁচে
নাচেও গানটা শিবলি যেমন নিপার সঙ্গে নাচে,
ঐতো স্লোগান লেখা, দেয়াল জুড়ে জুড়ে
পড়তে পড়তে তোমায় ফেলে যাচ্ছি আমি উড়ে,
একটু পরেই নামবে এরোপ্লেনের চাকা
দেখব তোমার অশ্রু নিয়ে কলকাতাটাই ঢাকা।





























