তোর বুঝি ভেঙে গেছে মাথা নাড়া বুড়ো
ভেঙে গেছে পুতুল খেলার সংসার
সময়ে দেখবি সব জোড়া লেগে যাবে
চুপ কর বোকা মেয়ে কাঁদিস না আর।
সময় দেখবি সব ভুলায় ভুলিয়ে
আনকোরা রংগুলো বুলিয়ে বুলিয়ে
মিলায় কাঁটার দাগ জোড়া লাগে ফাটা
জটিলতা হয়ে যায় খুব সাদামাটা।
তোর বুঝি উড়ে গেছে খাঁচা খোলা পাখি
উড়ে গেছে আকাশের হৃদয় অপার
সময়ে দেখবি তুই নিজেই পালাবি
চুপ কর বোকা মেয়ে কাঁদিস নে আর।
সময় দেখবি সব খাঁচা খুলে দেয়
তারগুলো কেটে দেয় অদৃশ্য ছুরি
ভাবনার পাখিগুলো বয়েসের ডালে
বসে আর উড়ে যায় খেলে লুকোচুরি।





























