সোমদ্যুতি তুমি কাঁদছিলে একা একা
শ্মশানেই হল ছেলেটার সাথে দেখা,
সুদীপ্ত ছিল তোমারই বয়সী ছেলে
চিনতে না তাকে শ্মশানেই দেখা পেলে।
সোমদ্যুতি তুমি বলছিলে টেলিফোনে,
বলছিলে তুমি যা ছিল তোমার মনে,
আপনাকে আজ কিছু তো করতে হবে,
এ দেশে অকালমৃত্যু থামবে কবে?
সোমদ্যুতি দেখো ক্রিকেট চলল তেড়ে,
তারকারা সব নাচলেন ল্যাজ নেড়ে,
রাজ্যের নেতা বসে থাকলেন ঠায়
আমরা ভারতে এবং কলকাতায়।
সোমদ্যুতি দেখো তোমারই মতন মেয়ে
কাশ্মীরে বাঁচে সৈন্যর লাথি খেয়ে
হারিয়ে যাচ্ছে তোমারই বয়সী ছেলে
গণতন্ত্রে কি তাদের খবর মেলে?
মাওবাদী সন্দেহে সোমদ্যুতি ভাবো
ক’জন যুবক যুবতী পড়েছে ধরা,
বিচার চাইতে বলো কার কাছে যাব
কিছুই পারি না বলেই এ গান করা।
সোমদ্যুতি দেখো যখন যে দল রাজা
সৈন্য-পুলিশ তাদের হুকুমদাস
ক্ষমতার তেলে খাস্তা পাঁপড় ভাজা
তুচ্ছ ঘটনা সুদীপ্তদের লাশ।
সোমদ্যুতি জেনো লাশকাটা ঘরে আছি
তবুও আশার অবিচল পরমাণু,
তোমার আমার মোটামুটি কাছাকাছি
অনশন করে রয়েছে ইরম চানু।





























