Search
Close this search box.

একটি নতুন লিরিক

প্যান্ডেলে প্যান্ডেলে আলো
মণ্ডপে মণ্ডপে থিম
মন্ত্রীরা পুজো করে ভালো
সেকুলার মুরগির ডিম।

ফিতে কেটে দেন সভাকবি
নায়িকারা প্রদীপ জ্বালান
ভেসে আসে টাকার সুরভি
পুলিশরা ভিড় সামলান।

মা এলেন বাপের বাড়িতে
যেখানে কামদুনির শোক
ধুকধুক শব্দ নাড়িতে
মুখ বুজে শুনে যাওয়া হোক।

মুখ বুজে থাকুন সকলে
কান দিন ঢাকের কাঠিতে
ইতিহাস তার মতো চলে
ঘামরক্ত শুকোয় মাটিতে।

শেয়ার করুন: