নন্দিগ্রামের পর সক্কলে ভালই তো আছি
প্রগতিশীলেরা খেলে সংস্কৃতির কানামাছি।।
গণহত্যার পর অনেকেই ভালই তো থাকে
নপুংসকের দল জুটে যায় দালালের ডাকে।।
ধর্ষণে সই দাও সব সরকারি ক্রীতদাস
নন্দিগ্রামের মাটি মনে রেখো এই সন্ত্রাস !!
শিশু হত্যার দায় নন্দনে ফোয়ারার কলে
ঘাতকরা হাত ধোয় বাম অনুদানে পাওয়া জলে।।
সংবাদ বৈঠকে বেনিয়ার হয়ে ওকালতি
কয়েক’শ খুন হলে দালালের নেই কোন ক্ষতি।।
সরকারি আবাসনে আরও ফ্ল্যাট জুটে যাবে দেখ
নন্দিগ্রামের পর সব মনে রেখো, মনে রেখো।।
নন্দিগ্রামের পর সক্কলে ভালই তো আছি
প্রগতিশীলেরা খেলে সংস্কৃতির কানামাছি।





























