সকাল যেখানে চৌরাস্তায় গিয়ে
বিকেল পড়বে দুপুরের পথ দিয়ে
সেইখানে হবে দেখা
তোমার সঙ্গে একা
ওই শহর যেখানে উপকন্ঠের গলি
পেরিয়েই হবে শান্ত শহরতলি
সেইখানে হবে দেখা
তোমার সঙ্গে একা
সন্ধ্যে যেখানে রাত্রির সন্ধানে
পথিক হয়েছে কালপুরুষের টানে
সেইখানে হবে দেখা
তোমার সঙ্গে একা
ওই তারারা যেখানে আকাশের সীমানায়
মৌন মুখর সঙ্গীত হয়ে যাই
সেইখানে হবে দেখা
তোমার সঙ্গে একা
আকাশ যেখানে সজল মেঘের খামে
বর্ষার চিঠি পাঠায় তোমার নামে
সেইখানে হবে দেখা
তোমার সঙ্গে একা
ওই বৃষ্টি যেখানে তোমার চোখের জলে
অন্য কারুর দুখখের কথা বলে
সেইখানে হবে দেখা
তোমার সঙ্গে একা ।





























