কে কোথায় বেঁচে আছো বলো,
বেঁচে আছো কোথায় কতটা
ভুলে যাও তাড়াতাড়ি ভুলো,
মরে গেছো যেখানে যতটা।
এক পায়ে দাঁড়িয়ে সময়
বকধার্মিক হয়ে বোঝে
এখানে শিকার বোধহয়
বসে থাকে শিকারীর খোঁজে।
জীবন্ত লাশ ঘুরে ফেরে,
রঙ-চঙে জামা পড়া লাশ
লাশকাটা ঘরের শহরে
শুরু হোক কবিতার ক্লাস।
এক পায়ে দাঁড়িয়ে সময়
বকধার্মিক হয়ে বোঝে
এখানে শিকার বোধহয়
বসে থাকে শিকারীর খোঁজে।
এ জীবন চলে গেছে কবে
কুড়ি কুড়ি বছরের পার
জীবনানন্দ দাশ পড়ে
এসে গেছে বিকট আঁধার।
এক পায়ে দাঁড়িয়ে সময়
বকধার্মিক হয়ে বোঝে
এখানে শিকার বোধহয়
বসে থাকে শিকারীর খোঁজে।
কোথাও কি কথা ছিল কোন
ভেঙে দিব এ অন্ধ কূপ
দেখি আজ পিটি পিটি চোখে
বণিক সভ্যতার রূপ।
এক পায়ে দাঁড়িয়ে সময়
বকধার্মিক হয়ে বোঝে
এখানে শিকার বোধহয়
বসে থাকে শিকারীর খোঁজে।
মুৎসুদ্দীর উৎসবে
ধেই ধেই নাচে মহাজন
মধ্যবিত্ত অনুভবে
শুনি আজ শিবের গাজন।
সব পাখি ফিরেছে কি ঘরে,
ফুরলো নদীর লেনদেন
মুখোমুখী বসে লাভ নেই
বুঝেছেন বনলতা সেন।





























