ফট ফটে লোকটার ফটাফট কাজ
সারাদিন শোনা যায় কাজের আওয়াজ
কাজ শেষ করে যেই মানুষটা থামে
আওয়াজ বন্ধ হয়ে স্তব্ধতা নামে
ঘরে ফেরে মানুষটা গম্ভীর মুখে
কাজ নেই কাজ নেই হাহাকার বুকে
মুখ থেকে নেমে আসে দীর্ঘশ্বাস
সেও এক ধরনের ছুটির বাতাস
এ বাতাস বয়ে যায় লোকটার ঘরে
সকলে মানুষ টা কে সমীহই করে
কাজের মানুষ বহে কাজের জোয়াল
শক্ত দুখানি কাঁধ শক্ত চোয়াল
কঠিন স্বভাব তার কঠোর নিয়ম
ছুটি না চাওয়ায় তার ভারী সংযম
রবি বার এলে তার জ্বর আসে গায়
সে তখন বসে বসে বুদ্ধি খাটায়
বানাবে ক্যালেন্ডার বাদ দিয়ে রবি
ছুটির পরব গুলো হারাবে পদবি
অভিধান থেকে স্রেফ ছুটি কথা টাই
চোখ কান নাক বুজে বাদ দেওয়া চাই
এইসব ভেবে ভেবে একদিন শেষে
দাঁড়ালো সে সময়ের প্রান্তেই এসে
এবারে যেতেই হবে হেঁটে গুটি গুটি
এপারে ছুটির যম ওই পারে ছুটি ।





























