কার নাম যেন রাধারাণী আড়ি, সুপ্রিয়া জানা কে
শেখ সেলিমের নন্দীগ্রামে বেড়াতে এসেছ ‘চে’।
একটা ভিয়েতনাম থেকে চাই চারটে ভিয়েতনাম
যারা মরেছিল নন্দীগ্রামে কী যেন তাদের নাম।
চারদিকে ছবি, একটাই মুখ, জনগণ দেখবেই
চে গেভারা দেখছ – কোথাও তাপসী মালিক নেই।
কেমন লাগছে কলকাতাটাকে লাল নিশান যে কম
বেশীদিন রাজাগিরিতে লালের ফুরিয়ে গিয়েছে দম।
ঔদ্ধত্যটা নেওয়া মুশকিল সামলানো চাই কাছা
বিদ্রোহ ছিল বিদ্রোহ আছে বিদ্রোহতেই বাঁচা।
অনিচ্ছেতেও ভোটে দাঁড়িয়েছি, বুঝে গেছি রাতভোর
যেখানে কথায় হয় না সেখানে রাইফেলই উত্তর।
বুঝেছি তবুও পেরে উঠব না, কমান্দান্তে শোনো
গান ছাড়া এই বোকা বান্দার সম্বল নেই কোনও।
এই তো ধরালে হাভানা চুরুট হাসতে হাসতে টান
আমাকে মুক্তি দিতে পারে শুধু আমার প্রেমের গান।।





























