কারা ফেলে গেছে ওকে
ফেলে গেছে কর্ণকে
জন্মের খানিকটা পর
ভোরে হাসপাতালের চত্বর।
ময়লার পাশে পড়েছিল
কাকভোরে কে হদিশ দিল
মায়ের দেহের তাপ নেই
তবু সে বাঁচবে বাঁচবেই।
এগার জুলাই এগারয়
আরেক মায়ের বুকে শোয়
দু’ ঘণ্টা বয়সের ছেলে
কুন্তি দিয়েছে যাকে ফেলে।
কর্ণ আমারি দেয়া নাম
জন্ম থেকেই বিধি বাম
যারা তাকে দত্তক নেবে
নামটাও পালটিয়ে দেবে।
পালটাবি তুই দিনে দিনে
খেলনার বন্দুক কিনে
কুরুক্ষেত্র তোড়জোড়
সেখানেই নিষ্কৃতি তোর।





























