ভাবলে এবার চেপ্টে যাব
বৃথাই সবাই চড়াও হ’লে
আমার বুকে, একটু ভাবো
রক্ষাকবচ গিটার ঝোলে।
ছ’তার ছুঁয়ে গাইছে আঙুল
জন্মখ্যাপা গানের ঘোরে
গাইতে গাইতে করছি কবুল
পদ্য লিখছি নতুন ক’রে।
সাতবাজারে ফাতনা ডোবাই
বাউল যেমন ডোবান খালি
পড়লে প্রেমে ডিগবাজি খাই
আর খেয়ে যাই ওদের গালি।
বাসলে ভাল, গানের কসম,
পায়ের আঙুল ঠোঁটেই ছোঁব
ফাঁকের পরে পড়লেই সম
গানের জলে স্নান করাব।
এবার ভাবো পরের বারে
কোন পদাঘাত আমায় দেবে
যতই মারো, যমদুয়ারে
গানই আমায় সঙ্গে নেবে।





























