ন’লাখ টাকা তুলে মৃণাল খেলেন বিষ
এজেন্ট ছিলেন তিনি, সঞ্চয় বেহদিশ
বন্ধু হাকিম গাজি, রাখতেন কুড়ি রোজ
সবজি বেচার টাকা চিটফান্ডের ভোজ।
লালবাতি চিটফান্ডে, ভবানী আছেন ভাণ্ডে
আমানতকারী ধরে, এজেন্ট কী আর করে!
দুঃসহ অপমান ক’জন সইতে পারে
সুখের বিষয় বিষ আছেই এ সংসারে
বকুলপুরের ছেলে, দুই কন্যার বাপ
মরেই বাঁচলে তুমি, জুড়িয়েছে সন্তাপ।
ঘাটখরচার টাকা হাকিম গাজিই দিল
এই নাটকের শেষে এ দৃশ্যটাও ছিল
যারা দিয়েছিল টাকা মৃণালের হাতে এনে
তারাই দাঁড়াল এসে কিছুই পাবে না জেনে।





























