Search
Close this search box.

খোদার কসম জান

টুক করে আলো দেখা, টুকি দেয়া রোদ্দুরে আমি
শৈশবে গিয়ে আজও কাঠজুড়ি নদীতেই নামি
বেগতিক বান এলে ঢেউ আসে ঢেউ চলে যায়
খোদার কসম জান আমি ভালোবেসেছি তোমায়

ক্রিকেটের বল ঘষা,প্যান্টে বেয়াড়া লাল দাগ
সন্ধের গলা সাধা,কী কঠিন ছায়ানট রাগ
কী করে রাখব তাল সম ফাঁক কেবল হারায়
খোদার কসম জান আমি ভালোবেসেছি তোমায়

পাশের বাড়ির মেয়ে তার মুখে তোমাকেই জান
খুঁজে খুঁজে পেয়ে গেছি শ্যামল মিত্তিরের গান
কী করে গাইত ভাবি মানুষটা অমন গলায়
খোদার কসম জান আমি ভালোবেসেছি তোমায়

যৌবনে বেপরোয়া ভালোবাসা সেও তো তোমার
সন্ধানে ঘুরে মরা বোকা কবিদের অভিসার
তোমায় খুঁজেছি আমি উজবুক বাঁচার নেশায়
খোদার কসম জান আমি ভালোবেসেছি তোমায়

এখন বয়স হ’ল,তুমি এলে বৃথা দিন গেল
তোমার নবীন চোখে আসে জল চোখ মুছে ফেল
দ্যাখো জান ভালোবাসা প্রবীনের প্রলাপে ঘনায়
খোদার কসম জান আমি ভালোবেসেছি তোমায়।


Shubham Shri Fyataru Mukhopadhyae

Jadavpur University

Shubhayu Majumder

শেয়ার করুন:

নষ্ট সময়

নষ্ট সময় একা একা লেখা কবিতা। ভ্রষ্ট সময় একা একা নেওয়া নিশানা। অক্ষর নিলে শব্দের বাঁক ভাবিয়ে কবিতা তোমায় ভাবাক,

আরও পড়ুন / শুনুন >