
গোগল জানে, বড়রা সব জানে
কোন কথার কোনটা ঠিক মানে
গোনায় ভুল কখন বেশি হয়
গোগল জানে, অংক মানে ভয়।
গোগল জানে, লেখা খারাপ হলে
বড়র হাত দেবেই কান মোলে
কষ্ট বেশি কোন কানের টানে
গোগল জানে, বড়রা সব জানে।
পড় গোগল, স্কুলের পড়া পড়
যতটা পার মুখস্তই কর
পরীক্ষায় করলে তুমি ফেল
হবেই হবে ফাঁসি অথবা জেল!
গোগল জানে, কাগজ পড়ে পড়ে
মরছে কারা নেহাত ফেল করে
শহীদ হল কাদের ছেলে মেয়ে
কেউবা ভাসে, কেউবা বিষ খেয়ে।
গোগল জানে, বড়রা সব বোঝে
গোগল তাই হন্যে হয়ে খোঁজে
কোথায় রাখে বড়রা বিবেচনা
তোমরা কেন বুঝতে চাইছ না !
পড় গোগল, স্কুলের পড়া পড়
যতটা পার মুখস্তই কর
পরীক্ষায় করলে তুমি ফেল
হবেই হবে ফাঁসি অথবা জেল!
গোগল জানে, অনেকে আজ বলে
বাংলাটাতো না জানলেও চলে
ইংরেজি না ইংলিশের মারে
গোগল হয় ঘায়েল বারেবারে।
গোগল জানে, বড়রা জানে হিন্দী
ছোড়দিরাও টীপকে বলে বিন্দি
বাংলাটাতো ভুলে যাওয়াই ভালো
হিন্দীটাই বরং জমকালো।
পড় গোগল, স্কুলের পড়া পড়
যতটা পার মুখস্তই কর
পরীক্ষায় করলে তুমি ফেল
হবেই হবে ফাঁসি অথবা জেল!
গোগল জানে, সিরিয়ালের জয়
টেলিভিশনে হিন্দীতেই হয়
বড়রা সব গিলছে গোগ্রাসে
গোগল বসে পড়ছে এক পাশে।
গোগল জানে, হোমওয়ার্কটা থাকে
ঘুম কোথায়, কোথায় পাবে তাকে
কোন পারায় কোথায় গলি খুঁজি
এসো গোগল সবাই মিলে খুঁজি।
গোগল তুমি তাকিয়ে বেছে নাও
নেই কি আর মানুষ একটাও
আছে গোগল এখনও বেঁচে আছে
সবুজ পাতা হাওয়ার তালে নাচে।।





























